আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
সাংবাদিকদের তিনি বলেছেন, আপিলের পেপার বুক প্রস্তুত করে দ্রুত হাইকোর্টে শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাশকালীন ছুটি শেষেই মামলাটির আপিল ও ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেয়া হবে।
রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা আরো জানান, এখন পর্যন্ত ১৯টি আপিল দায়ের হয়েছে। যদিও আপিলের পেপারবুক এখনো প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলার অগ্রাধিকারের ভিত্তিতে পেপারবুক হওয়া উচিত। তা না হলে বাদী-বিবাদী উভয়েই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার। ২০২২ সালের ৬ জানুয়ারি ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে ৬ হাজার ৬২৭ পৃষ্ঠার ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। এরপরই আসামিরা দণ্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন। ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। দণ্ডিত আসামিরা উচ্চ আদালতে ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারেন।







